ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২০ ১৪:০৮:১১
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আমির হামজা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোনা মিয়া জানান, কৃষক আমির হামজা বাড়ির পার্শ্ববর্তী জমিতে গরুর খাবারের জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত কৃষকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













