সামনে বড় সংকট আসতে পারে: ডিএমপি কমিশনার

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৬-২১ ১৬:০০:০৯


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গত ১০ থেকে ১২ বছর ধরে বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থায় আছে, বড় ধরনের কোনো সংকট হয়নি। তবে সামনে অনেক বড় সংকট আসতে পারে।

বুধবার (২১ জুন) ডিবি কম্পাউন্ডে আয়োজিত ডিবি-সিটিটিসির গ্র্যান্ড রোলকলে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আর তেমন কোনো সংকট এলে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দেশের স্বাধীনতার জন্য রাজারবাগের পবিত্র মাটি থেকে প্রথম বুলেট নিক্ষেপ করেছিল বাংলাদেশ পুলিশ। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ কখনো মাথাচাড়া দিতে পারেনি।

তিনি বলেন, ভবিষ্যতেও দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যেকোনো অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। তবে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, ডিবি-সিটির যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি