‘সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে দিয়ে দিতেন প্রধানমন্ত্রী’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৩ ১৫:০৪:২৯
সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, আমেরিকা তো সেন্টমার্টিন নিয়ে কথা বলেনি। তারা বলেছে, এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিয়ে।
শুক্রবার (২৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, যেখানে শেখ হাসিনা থাকেন, সেখানে গণতন্ত্র থাকে না। এ দেশের গণতন্ত্র রুক্ষ। প্রধানমন্ত্রী কোন চেয়ারে বসে আছেন তা হয়তো তার মনে নেই। এই দায়িত্বে থেকে কীভাবে কথা বলতে হয়, তাও তিনি হয়তো জানে না। একজন কূটনৈতিকের সঙ্গে কীভাবে কথা বলতে হয়। কূটনৈতিকরা সাধারণত সামনে কাউকে হ্যাঁ বলেন না, আবার না-ও বলেন না।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধ কিন্তু গণতন্ত্রের জন্য হয়েছিল। তখন স্বাধীনতার কথা উঠে আসেনি। মেজর জেনারেল জিয়াউর রহমান যদি স্বাধীনতার ডাক না দিতেন, তা হলে কিন্তু এই দেশ স্বাধীন হতো না। কারণ সেই সময়ের আওয়ামী নেতারা সীমান্ত পাড়ি দিতে গিয়ে জিয়াউর রহমানের ডাক শুনে ফিরে এসেছেন।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেছেন, যদি পশ্চিমারা গার্মেন্টসশিল্প বা পোশাক রপ্তানি বন্ধ করে দেয় তখন কী হবে? এ দেশের অর্থনীতির কী হবে? গার্মেন্টসশিল্পের যে মেশিনগুলো আছে, সেগুলোর কী হবে? সেগুলো তো লোহা হিসেবে বিক্রি করতে হবে। জানি না, প্রধানমন্ত্রী কেন এভাবে কথা বলছেন। তিনি নিজেরটা বোঝেন। জনগণের কথা ভাবেন না। তিনি তার পরিবারের প্রতিশোধ নিচ্ছে জনগণের ওপর। কিন্তু আপনি তো অনেক মায়ের বুক খালি করেছেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














