নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৬-২৬ ২০:১৪:২৮


নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজিরটেক গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা দু‘জনই হাজিরটেক কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ছুটি শেষে ওই দুই শিশু মাদ্রাসার পাশের নদীতে গোসল করতে নামে। গোসল করতে নেমে হুমাইরা পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা হাবিবা তাকে তুলতে যায়। এতে তারা দু‘জনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিকাল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম জি