বিএনপির অশুভ তৎপরতা ক্ষমতা দখলের চক্রান্তের কক্ষপথেই পরিচালিত: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৭ ১৫:০৭:৩০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেয়া বিএনপির অপরাজনীতি ও অশুভ তৎপরতা কেবল ক্ষমতাদখলের ষড়যন্ত্র-চক্রান্তের কক্ষপথেই পরিচালিত হয়। দেশ ও জনগণের কল্যাণ-চিন্তা বিএনপি কখনও ধারণ করে না।
তিনি বলেন, তথাকথিত ‘টেক ব্যাক বাংলাদেশ’ এর নামে হাওয়া ভবন-খোয়া ভবনের দুর্নীতি-লুটপাট এবং একুশে আগস্টের মতো নৃশংস হত্যাযজ্ঞ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সেই ভয়াবহ যুগে ফিরে যাবার কোনো রূপরেখাকে সমর্থন দেবে না দেশের জনগণ।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল কিংবা বিএনপির ঘোষিত আন্দোলনের নামে তথাকথিত যৌথ ঘোষণা ও ‘অল-আউট আন্দোলন’ জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু না। তাদের আন্দোলনের হুমকি-ধামকি আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া কিছু নয়। ঈদের পর, বর্ষার পর, পরীক্ষার পর তাদের আন্দোলনের অনেক হুমকি-ধামকি জনগণ দেখেছে। বাংলাদেশের জনগণ বিএনপির কাল্পনিক গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত বিএনপি বরাবরের মতোই ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত রয়েছে। বিএনপির ষড়যন্ত্রের হাতিয়ার হলো দেশের বিরুদ্ধে বদনাম করা ও কুৎসা রটানো এবং কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ-মিথ্যাচারের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃবৃন্দের চরিত্রহনন। দুর্নীতির মাধ্যমে উপার্জিত ও পাচারকৃত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করে দেশবিরোধী অপপ্রচার চালানো। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














