ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৬-২৮ ১২:২২:০৩


আগামীকাল বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল আজহার দিনে সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের এই সময় তাপমাত্রা থাকবে স্বস্তিদায়ক ও সহনীয় পর্যায়ে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক  গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের দিন সারা দেশেই মোটামুটি বৃষ্টি থাকবে।

মঙ্গলবার দেশের মধ্যাঞ্চলসহ সারা দেশেই বৃষ্টি বেড়েছে। ঈদের দিনও এ রকম থাকতে পারে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল ঈদের দিন এবং তার পরের দিন ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঈদের দিন সকালের দিকে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা। এ ছাড়া উত্তরাঞ্চলের এলাকাগুলোতে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ঢাকা বিভাগে ঈদের দিনটা মোটামুটি বৃষ্টিময় হতে পারে। সকালে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঈদের দিন সকালে খোলা মাঠে নামাজ পড়ার ক্ষেত্রে বৃষ্টির বিষয়টি মাথায় রাখার পরামর্শও দেন এই আবহাওয়াবিদ।

এদিকে ঈদের সময় তাপমাত্রাও থাকবে কমের দিকে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঈদের সময় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে। নাজমুল হক জানান, ঈদের দিন ঢাকার তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় সেখানে তাপমাত্রা ০.৫ থেকে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এনজে