মুন্সীগঞ্জে হাসপাতালে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা রিমান্ডে
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১৯:০০:৪৯
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা শেখ শাকিলকে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৯ জুলাই) বিকেল ৪ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর বিচারক রহিমা আক্তার এ আদেশ দেন।
শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার চরমশুরা গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর হোগলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, অভিযুক্ত শাকিল ঘটনার পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পলাতক ছিল। এরপর বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে সবশেষ শনিবার রাতে গজারিয়া আসে। সেখানে রাতে অবস্থান করে অন্যত্র পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এক আওয়ামী লীগ নেতার বাড়ির সামনে থেকে তাকে পাকড়াও করা হয়। স্থানীয় সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশ গজারিয়ায় শাকিলের অবস্থান শনাক্ত হয়৷
গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মূল ভবনের ছাদে হাসপাতালটির পরিচ্ছন্নতাকর্মীর ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় শেখ শাকিলের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী। নির্জন বাড়ি হওয়ায় নিরাপত্তার কথা ভেবে প্রায়ই রাতে মায়ের সঙ্গে হাসপাতালে থাকতো সে। মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল ওই কিশোরী। এসময় চার-পাঁচজন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল। রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে গেলে জরুরি কথা আছে বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল। এতে অস্বীকৃতি জানালে একপর্যায় ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে-হিঁচড়ে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করেন।
বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যান শাকিল। পরে বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্নভাবে হুমকি দেওয়াসহ আপসের চেষ্টা চালাচ্ছিল অভিযুক্তপক্ষ।
এদিকে, কিশোরী ধর্ষণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম জানান, পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













