গণধর্ষণের পর হত্যা: ৭ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১২ ১৬:২০:০৮


রাজবাড়ী‌র পাংশায় স্বামী প‌রিত‌্যক্তা এক নারী‌কে গণধর্ষণের পর হত‌্যার অভি‌যো‌গে দা‌য়েরকৃত মামলায় ৭ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক‌ আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদা‌য়ে আরও ৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১২ জুলাই) দুপু‌রে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদাল‌তের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনা‌লের বিচারক মো. সাব্বির ফ‌য়েজ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হ‌লেন রাজবাড়ী পাংশার হাবাসপু‌রের রঞ্জু হো‌সেন, র‌ফিকুল ইসলাম ওর‌ফে র‌ফিক, মাসুদ ওর‌ফে মাসুদ রানা, দেলু ওর‌ফে দেলোয়ার হো‌সেন প্রামা‌নিক, অ‌জো ওর‌ফে হ‌জো ওর‌ফে হযরত আলী, জি‌য়েলগাই এলাকার আশরাফ এবং কু‌ষ্টিয়া সদর থানার আমলাপাড়া চ‌রের জয়গুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সা‌লের ২৮ সেপ্টেম্বর পাংশার হাবাসপু‌র গ্রামের এক‌টি ধানক্ষেতে মৃত অবস্থায় আমেনা খাতুন ওরফে ফেলো নামে এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়।

ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় কে বা কারা। পরবর্তী‌তে এ বিষয়ে তার ভাই বাদী হয়ে পাংশা থানায় অজ্ঞাতনামাদের বিরু‌দ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত শেষে ধর্ষণের পর হত্যার দায়ে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনা‌লের (ভারপ্রাপ্ত) পিপি এ‌্যাডভোকেট সাইফুল ইসলাম এর সত‌্যতা নি‌শ্চিত ক‌রেন।

এম জি