সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১১:১১:৩৮


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

রোববার (১৬ জুলাই) বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি পৌরসভার চালা সাত মাথা মহল্লার লোকমান হোসেনের ছেলে রুবেল হোসেন (৩৫)।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর রুবেল প্রতিদিনের মতো ওই পুকুর পাড়ে বসে ছিল। হঠাৎ কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে চলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, শনিবার রাতে এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাটি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এম জি