নির্বাচনে বাধা দেওয়ার শক্তি বিএনপির নেই: সালমান এফ রহমান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৬ ২০:২৭:৪২
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। বিএনপি সেই নির্বাচনে বাধা দিতে পারবে না। সেই শক্তি বিএনপির নেই। বাধা দিতে এলে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।
রোববার (১৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা-১ আসনভুক্ত দোহার ও নবাবগঞ্জ উপজেলার নারী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচন চায় না। চাইলে কি তারা ২০১৩-১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতা, আগুনসন্ত্রাস ও নৈরাজ্য ঘটাতে চায়? সেটি করতে গেলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে।
সম্প্রতি মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিদেশিরা এদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। তাহলে বিএনপির নির্বাচনে আসতে বাধা কোথায়?
তিনি আরও বলেন, আমি বিদেশিদের বলেছি, বিএনপিকেও নির্বাচনে অংশ নিতে বলুন। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনকে বাধা দিতে চায়।
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী নেতাদের এখন থেকেই আওয়ামী লীগ ও নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে নারী নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে। প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের গত ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। নৌকার পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














