বগুড়ায় সড়কে ঝড়ল ২ প্রাণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১৭ ০৯:৩৬:৪২
বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরও এক যাত্রী।
সোমবার (১৭ জুলাই) বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত ১১টায় ওই মহাসড়কের বাঘোপাড়া বন্দরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার দক্ষিণ বাঘোপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে সিএনজিচালক বাপ্পি মিয়া (৩৫) ও আশোকোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে আরিফ রহমান (২৮)। আহত ব্যক্তি আশোকোলা গ্রামের টুটু (৪০)। তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, রোববার রাতে রংপুর থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী আরিফ নিহত হন। পরে আহত অবস্থায় সিএনজিচালক ও আরেক যাত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় সিএনজিচালক মারা যান।
এদিকে অটোরিকশাকে চাপা দেওয়ার পর ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় বৈদ্যুতিক তার জড়িয়ে বাসে আগুনের সূত্রপাত হয়। পরে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুনের সূত্রপাত হওয়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহত হয়নি।
পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন জানান, বাসচালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













