হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরাফাতের তীব্র নিন্দা
আপডেট: ২০২৩-০৭-১৭ ১৮:৪১:৪৫
হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৭ জুলাই) বিকেলে ভোটগ্রহণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
আরাফাত বলেন, নির্বাচন সারাদিন খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহুর্তে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা ঘটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। তার ওপর হামলা করে নির্বাচনকে বিতর্কিত করার একটা অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি বলেন, হামলাকারী যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যেন কোন নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানাই।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় আজ। এ নির্বাচনে হিরো আলম ও আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাতসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ফলাফল আসতে শুরু করেছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














