বেনাপোল পৌরসভার মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-১৮ ১০:০৬:৪৫


যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে ১৩ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নাসির উদ্দিন।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিচুর রহমান। এর আগে একই দিন সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, পৌরসভা নির্বাচনে নাসির উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৮২৫। বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী জগ প্রতীকের প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল পেয়েছেন ৪৩১ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আনিচুর রহমান জানান, নির্বাচনে ভোট পড়েছে ৫৭ দশমিক ৯১ শতাংশ। তবে ভোটাররা ইভিএমে অভ্যস্ত না হওয়ার কারণে কিছু কেন্দ্রে ভোটগ্রহণে ধীরগতি ছিল। নির্দিষ্ট সময়ের পরেও ভোট কেন্দ্রে আসা ব্যক্তিদের ভোটগ্রহণ করা হয়। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, ২০০৬ সালে বেনাপোল পৌরসভা গঠন হয়। পরে ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মেয়র নির্বাচিত হন। এরপর সেখানে আর কোনো নির্বাচন হয়নি। সীমানা জটিলতা নিষ্পত্তি হয়ে দীঘ একযুগ পর অনুষ্ঠিত হলো নির্বাচন।

এম জি