হিরো আলমের ওপর হামলা: ২০ জনের নামে মামলা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৮ ১৬:৫১:২৯


ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর বনানী মডেল থানায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

বনানী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এই মামলায় সাতজন আসামি ইতোমধ্যে থানায় গ্রেপ্তার রয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, সোমবার সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর হিরো আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। পরে বিকেল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান।

প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে ৫-৬ সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন গতিরোধ করেন। এসময় তারা হিরো আলমকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এবং এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে। মারধরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতনামা একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এর মধ্যে আরেক জন এসে হিরো আলমের তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান।

বাদী এজাহারে আরও উল্লেখ করেন, হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং টানা-হেঁচড়া করে। এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব খন্দকার, রনি ও আল আমিন তাকে বাঁচাতে আসলে তাদেরও মারপিট করে জখম করে আসামিরা।

এএ