মানুষ ফুঁসে উঠেছে, সরকারের সময় ফুরিয়ে এসেছে: চরমোনাই পীর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২১ ১৯:৪১:১৭


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের মানুষ ফুঁসে উঠেছে, সরকারের সময় ফুরিয়ে এসেছে। ভোট চুরি করে আর ক্ষমতায় থাকা যাবে না। সময় থাকতে মানুষের কথা শোনেন, তাদের দাবি মেনে নিন।

শুক্রবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সম্মেলন-২০২৩-এ অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছি‌লেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ব‌লেন, জীবন বাজি রেখে যারা দেশকে স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধাদের চোখে পানি। দেশে ফ্যাসিবাদী, জালিম ও মিথ্যাবাদী সরকার ক্ষমতায় বসে আছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে আন্দোলন গড়ে তুলতে হবে। ভোট চোর, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে আসলে এরা পালাতে বাধ্য হবে।

তিনি বলেন, আজ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। অনুমতি নিয়ে কথা বলতে হয়, এটা কি স্বাধীনতা? মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ আজ মানুষের কোনো অধিকার নেই।

জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেন, মুক্তিযুদ্ধ চুরি হয়েছে। যারা স্বাধীনতা চায়নি, তারা আজ স্বাধীনতার কথা বলে। মুক্তিযুদ্ধের ঘোষণায় যা ছিল তা আজ নেই।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন—অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, অধ্যাপক আশরাফ আলী আকন, মনির হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকজ্জুামান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা গাজী আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার প্রমুখ।

সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদকে সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকুজ্জামানকে সেক্রেটারি জেনারেল করে ২০২৩-২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এএ