রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২২ ১০:০৩:২৭


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আজ শনিবার যৌথভাবে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (২১ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, শনিবার বেলা আড়াইটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা-ষড়যন্ত্র অপরাজনীতি ও তাণ্ডবের প্রতিবাদে শনিবার আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এদিকে আজ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’। সমাবেশ সফলে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরে প্রচার চালিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতির কথা জানান যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

এরপর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ সমাবেশস্থল পরিদর্শন করেন আয়োজক সংগঠনের নেতারা। তারা জানান, শুধু নেতাকর্মী নন, সাধারণ মানুষকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়েছে। সমাবেশ থেকেও তরুণদের সমস্যা, সংকট এবং তাদের ভোটাধিকারের দাবি তুলে ধরা হবে।

এএ