পদ্মায় নিখোঁজ সিয়ামের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৭-২২ ১৭:২৯:৩২


রাজশাহী মহাগরীর সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু সিয়ামের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে ইউসুফপুর এলাকা থেকে সিয়ামের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

জানা গেছে, শুক্রবার রাজশাহী মহাগরীর সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু সিয়াম ও সাজিম নিখোঁজ হয়। বিয়ে বাড়িতে এসে অন্যদের সঙ্গে গোসল করতে নেমে তারা দুইজনই স্রোতের তলে পড়ে নিখোঁজ হয়।

পরে খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রথমদিন কোন খোঁজ না মেলায় শনিবার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর আড়াইটার দিকে ইউসুফপুর এলাকার সামনে থেকে সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে সিয়ামের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ইউসুফপুর এলাকা থেকে সিয়ামের লাশ পাওয়া গেছে। বাকি আরেকজনকে খুঁজতে অভিযান অব্যাহত আছে।

এম জি