মোটর সাইকেলের দাম কমছে

আপডেট: ২০১৬-০৬-০২ ১৮:১০:২৮


Motor_cycleস্থানীয়ভাবে প্রসারমান শিল্পে বিশেষ নজর দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় দেশে তৈরি মোটরসাইকেল সংযোজনে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এই শিল্পের যন্ত্রাংশ ও যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক ২ বছরের জন্য কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে  দেশে সংযোজিত মোটর সাইকেলের দাম কমতে পারে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন,  গাড়ি খাতের মধ্যে মোটর সাইকেল সংযোজন শিল্প একটি গুরুত্বপূর্ণ উপ-খাত। প্রগতিশীল উৎপাদনের মাধ্যমে পশ্চাৎমুখী সংযোগ ঘটিয়ে এ খাতকে অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। এ সম্ভাবনার পথে সিকেডি মোটর সাইকেলে বিদ্যমান ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক বাধা হিসেবে বিবেচিত। এসব বিবেচনায় কতিপয় শর্তসাপেক্ষে উক্ত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে দুবছরের জন্য ২০ শতাংশে ধার্য করার প্রস্তাব করা হলো।

একই সঙ্গে, পরবর্তীতে স্থানীয়ভাবে প্রগতিশীল হারে যন্ত্রাংশ উৎপাদন সাপেক্ষে হ্রাসকৃত শুল্কহারে অপরাপর যন্ত্রাংশ আমদানিপূর্বক দেশে উন্নতমানের মোটর সাইকেল উৎপাদনের লক্ষ্যে রেয়াতি শুল্ক সুবিধা প্রদানেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এই একই বিবেচনায় এর প্রস্তুত/উৎপাদন পর্যায় বিবেচনায় বিভিন্ন পর্যায়ে রেয়াতি হারে শুল্ক-কর পুনর্বিন্যাস এবং এলপিজি রোড ট্যাংকারকে মূলধনী পণ্য হিসাবে এতে মূলধনী পণ্যের রেয়াতি হারে শুল্কায়নের প্রস্তাব করা হয়েছে। তাছাড়া, জ্বালানি ব্যয় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিধায় হাইব্রিড গাড়ির সিসি-ভিত্তিক সম্পূরক শুল্ক কিছুটা হ্রাসপূর্বক পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। 

সানবিডি/ঢাকা/এসএস