‘পাল্টা সমাবেশ ডেকে সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৪ ১৪:৪৮:৪০


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাল্টা সমাবেশ ডেকে আওয়ামী লীগ সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে, এটা কোনভাবে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, যদি কোন অপ্রীতিকর কিছু হয় এ জন্য দায়ী থাকবে সরকার।

সোমবার (২৪ জুলাই) নয়াপল্টনে যৌথ সভা শেষে তিনি এসব কথা বলে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছে তাদের ভাষা সন্ত্রাসী ভাষা। জনগণ রুখে দাঁড়িয়েছে। আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছে। এ আহবানে শুধু বিএনপি নয় যুগপৎ আন্দোলনের সবাই সম্পৃক্ত।

তিনি আরও বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। একদফা আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ৷ সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য হবে। সময় এসেছে জনগণের অধিকার ফিরে পাওয়ার।

মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি কর্তৃপক্ষ শান্তিপূর্ণ কর্মসূচিতে সবাই সহায়তা করবে। সরকারি কর্মকর্তাদের কাছে বলতে চাই আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকায় মহাসমাবেশের বিষয়ে আমরা ডিএমপি কমিশনারের কাছে জানিয়েছি। আশা করি মঙ্গলবারের মধ্যে ভেন্যুর বিষয়টি জানাতে পারব এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বলব- আমাদের আন্দোলন জনগণের আন্দোলন। এখানে আপনাদেরও সম্পৃক্ত হওয়া উচিত। কারণ আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, মো. আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শামসুর রাহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মোস্তাক মিয়া, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ।

এম জি