বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২৭ ১৩:১৭:০২


আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ কে এম আফজালুর রহমান বলেন, আমরা আজ আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ দেখতে গিয়েছিলাম। এসে দেখলাম যে, মাঠ প্রস্তুত হতে আরও দু-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, সে জন্য আগারগাঁওয়ে সমাবেশ করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। এখানে যেহেতু মাঠ প্রস্তুত নেই সেহেতু আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

এম জি