রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-৩০ ১৪:৩৮:৫৬


রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তবে কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে রোববার (৩০ জুলাই) সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই, কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তাঘাট বন্ধ করলে, মহাসড়কে যান চলচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ।

মাদক দমনের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক দমনে মিয়ানমার থেকে কোনো সাড়া পাচ্ছি না। তাদের সঙ্গে বারবার মিটিং করে আশ্বাস পেলেও উল্লেখযোগ্য কোনো সাড়া পাচ্ছি না।

তিনি আরও বলেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। কিন্তু মাদকের দুটি বৃহৎ বলয়ের মধ্যে হওয়ায় আমাদের এখানে মাদক ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

মাদকের বিরুদ্ধে সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য নানান কাজ করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে।

এম জি