‘অর্থমন্ত্রীর কারণে রমজানে বাড়বে দ্রব্যমূল্যের দাম’

আপডেট: ২০১৬-০৬-০৫ ১০:১৩:৫৭


Food_newsরমজানে নিত্য পণ্যের দাম বাড়ার জন্য অর্থমন্ত্রীকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়লে তার জন্য দায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার ডিসিসিআই অডিটোরিয়ামে ‘রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, নতুন ভ্যাট আইন ২০১৮ সালে কার্যকর করার কথা থাকলেও সদ্য বাজেটে এই আইনের ৮০ শতাংশ কার্যকর হয়েছে। প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়বে।

সভার আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ( ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. জিয়া রহমান।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ যেমন সৌদি আরবে রমজানে নিত্যপণ্যের দাম কমলেও আমাদের এখানে রমজানে জিনিসপত্রের দাম অন্য যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়।

অন্যদিকে রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। চাঁদাবাজি, ছিনতাই, কালোবাজারী, ভেজাল খাবার এবং মলমপার্টি ও অজ্ঞানপার্টির দৌরাত্ব বেড়ে যায়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ। সভা সঞ্চালনা করেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।

সানবিডি/ঢাকা/এসএস