ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০২ ০৯:৫৭:৫৩


রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২ আগস্ট) এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৪৬১৫ পিস ইয়াবা, ৭ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ১৬.৯ গ্রাম ২৭ পুরিয়া হেরোইন ও ১৮টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

এম জি