প্রথমবারের মতো মোংলা বন্দরে সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০৩ ২০:২০:২৬


বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো সাড়ে ৮ মিটার গভীরতার কন্টেইনারবাহী জাহাজ নোঙ্গর করেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি ‘মায়েরক্স নুসানতারা’ নামক জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করে।

জানা যায়, জাহাজটিতে ৭ হাজার ৩৫৭ মেট্রিক টন পণ্য রয়েছে। এসব পণ্য খালাস শেষে ২৬৩টি কনটেইনার নিয়ে জাহাজটি পুনরায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে যাবে।

এর আগে, গত ২৫ জুন বিকেলে প্রথমবারের মতো মোংলা বন্দরে ভিড়েছিল ৮ মিটার গভীরতার গিয়ারলেস জাহাজ ‘এমভি ফিলোটিমো’।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে ৮ মিটার ও সাড়ে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, এমভি মায়েরস্ক নুসানতারা নামক সিঙ্গাপুরের পতাকাবাহী ৮ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। জাহাজ থেকে ৭ হাজার ৩৫৭ মেট্রিক টন পণ্য খালাস হবে।

এএ