ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৪ ১৮:২৫:০২


ভারত, যুক্তরাষ্ট্র কী বললো তা নিয়ে বিএনপি ভাবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কী বললো তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের দরকার মানুষ কী বলে।’

শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ‘দুদকের মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক রায়’-এর প্রতিবাদে ঢাকা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশ আয়োজন করে।

নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে আসায় বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব তাদের উদ্দেশে বলেন, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজ ঢাকা মহানগর ও ঢাকা জেলার নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন। ইনশাল্লাহ, দুর্বার প্রতিরোধ গড়ে তুলে দানবকে পরাজিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে এই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপি’র নয়, গোটা জাতির সংকট। দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান ও তার স্ত্রীকে দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয়েছে। পতন যখন অবশ্যম্ভাবী তখন এসব ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা ও কাজ করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, ডা. জুবাইদা রহমান যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, তিনি একজন বিশিষ্ট চিকিৎসক। তার পারিবারিক সম্পত্তি কয়েক হাজার কোটি টাকা, তাকে কয়েক লক্ষ টাকার এফডিআরের জন্য সাজা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। দুর্নীতি তো সেই পাকিস্তান আমলে.. সেই মামলায় তোমাদের নেতাকেও জেলে যেতে হয়েছিল।

এএ