দেশে তৃতীয় বড় দল হওয়ার পথে বিজেপি: পার্থ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৬ ১৯:০৪:৩২


আওয়ামী লীগ ও বিএনপির পরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দেশে তৃতীয় বড় দল হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সকল দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

রোববার (৬ আগস্ট) দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিকেল ৩টায় আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না জানিয়ে তিনি বলেন, ‘এবার যদি ভোট চুরির নির্বাচন হয়, আপনারা (আওয়ামী লীগ নেতা) আর প্লেনে উঠতে পারবেন না। বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের ক্ষমা করবে না।’

দলের মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর বিজেপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এএ