পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০৭ ১০:৫৯:০৮
রংপুরের গঙ্গাচড়ায় পুকুরে ডুবে সাঈদ বাবু ও রহিমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাঈদ বাবু (২) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আবু তালেবের ছেলে ও দেড় বছর বয়সি রহিমা একই ইউনিয়নের তুলশী বৈরাগীর হাট গ্রামের অহেদুল মিয়ার মেয়ে। তারা সম্পর্কে মামাতো ভাইবোন।
এলাকাবাসী জানায়, শিশু রহিমার বাবা মা ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। শিশু রহিমা তার নানা আশরাফ আলীর বাড়িতে থাকে। শিশু সাঈদ ও রহিমা খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে ডুবে মারা যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদুটির মরদেহ পুকুরের পানিতে দেখতে পায় শিশু রহিমার মামা যাদু মিয়া। পরে তিনি দ্রুত পুকুরে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, শিশু দুটির মৃতুর খবর পেয়ে ঘটনাস্থলে দুই পুলিশ সদস্যকে পাঠাই। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













