৭১ ও সময় টিভির টকশোতে যাবে না বিএনপি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০৮ ১৩:৪০:৫৮
আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে।
‘এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো ও চ্যানেল তখন দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ৯ আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














