ছৈরুদ্দীন হত্যা: ২ আসামির যাবজ্জীবন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-০৮ ১৫:২৭:৪২
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের হেফজখানার খাদেম ছৈরুদ্দীন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ দণ্ডাদেশ প্রদান করেন। এ ছাড়াও আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার সাহেবনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইমাদুল হক (৫৮) ও একই গ্রামের শুকুর আলীর ছেলে খোকন আলী (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, ছৈরুদ্দিন সাহেবনগর দিক্ষপাড়াস্থ কবরস্থান হেফজখানা ও ঈদগাহ মাঠের খাদেম ছিলেন। এ জন্য কমিটির কাছ থেকে কোনো টাকা নিতেন না তিনি। প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আসামি ইমাদুল ও শুকুর আলির সঙ্গে তার বিরোধ বাধে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে খাদেম ছৈইরুদ্দিন তার হেফজখানার ছাত্র পলাশকে নিয়ে হেফজখানায় দানকৃত তিনটি ছাগলের জন্য কাঁঠালের পাতা আনতে বের হন। তারা কবরস্থানের জঙ্গলের মধ্যে পৌঁছালে সেখানে পূর্বপরিকল্পিতভাবে বসে থাকা আসামিরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছৈইরুদ্দিনকে।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নিহতের ছেলে আখের আলী বাদী হয়ে ওই দুজনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তভার পড়ে গাংনী থানার তৎকালীন ওসি তদন্ত সাজেদুল ইসলামের উপর। ওই বছরেই তদন্তকারী কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে তদন্তভার কুষ্টিয়া পিবিআইয়ের কাছে হস্তান্তরের জন্য আবেদন করেন। মামলার তদন্তভার পড়ে কুষ্টিয়া পিবিআইয়ের এসআই শরিফুল ইসলামের উপর। দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তিনি। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় দুই আসামি। ২৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আতাউল হক ও অ্যাডভোকেট কামরুল হাসান।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর উচ্চ আদালত যাওর কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













