চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-১১ ১৫:৫৯:৩৬


নোয়াখালী সদরে মো. রিয়াজ (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার চালানো অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা। নিহত মো. রিয়াজ সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বদরীপুরের মো. কামালের ছেলে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় কাদিরহানিফ ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামে একটি সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ওই কিশোরের মরদেহ পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত কিশোর নোয়াখালী জেলা শহরে অটোরিকশা চালাতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই কিশোরকে হত্যা করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, রাতে মরদেহ উদ্ধারের পরপরই জড়িতদের খুঁজতে অভিযান শুরু করা হয়েছে। নিহত কিশোরের অটোরিকশা উদ্ধার ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এম জি