বগুড়ায় মসজিদে ‘হামলাকারী’ কথিত বন্দুকযুদ্ধে নিহত

আপডেট: ২০১৬-০৬-০৮ ১৩:২২:০১


Gun.Cross.Sunbdবগুড়ার শিবগঞ্জের শিয়া মসজিদে ‘হামলায় অংশ নেয়া’ মো. কাউসার (২৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ সদর উপজেলায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

পুলিশ জানায়, নিহত কাউসার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। সে বগুড়ার শিয়া মসজিদে হামলায় সরাসরি অংশ নেয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরে শিবগঞ্জ সদর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই সময় কাউসার পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কাউসার ঘটনাস্থলেই নিহত হয়।

তবে শিবগঞ্জ উপজেলার কোথায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানানো হয়নি।

এর আগে গতকাল ঢাকার পল্লবী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন দু’জন। তাদের একজনকে বগুড়ার শিয়া মসজিদে হামলাকারী ও অপরজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম খুনে জড়িত বলে জানায় ডিএমপি। তাদের দু’জনই জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে মাগরিবের নামাজের পর হামলা করা হয়। এ সময় কতিপয় দুর্বৃত্ত মসজিদের ভেতর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় মসজিদের মুয়াজ্জিনের।

অপরদিকে চলতি বছরের ২৩ এপ্রিল সকাল সোয়া ৭টার দিকে রাজশাহীর শালবাগান মোড়ে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষারত অবস্থায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

সানবিডি/ঢাকা/এসএস