ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৮
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১১:২৬:৪০
ময়মনসিংহে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক, ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং ৫০ বছরের অজ্ঞাত এক পুরুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস হালুয়াঘাট থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলালপুর এলাকা পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাস যাত্রী আব্দুর রাজ্জাক মারা যান। এসময় আহত হয় অন্তত ৮ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ছয় জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করি। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে দুই বাসের চালক ও সহকারিরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














