জামায়াতের শীর্ষ পর্যায়ের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-২২ ২২:২১:০০


নাশকতার অভিযোগের মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের শীর্ষ পর্যায়ের তিন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ পরোয়ানা জারি করেন।

তিন জামায়াত নেতা হলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন।

মঙ্গলবার মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ জুলাই এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন৷ পরবর্তীতে কোনো পদক্ষেপ না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতাকর্মী জড়ো হয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সরকারের কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করেন তারা। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।

এএ