মাদারীপুরে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় নিহত ২
প্রকাশ: ২০১৬-০৬-১০ ১৯:৪৮:৫১
মাদারীপুরের রাজৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে একটি মাছবোঝাই ট্রাক ধাক্কা দিলে দু’জন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সাধুরব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের গোলাম মজিদের ছেলে মাছ ব্যবসায়ী রাসেল (৪০) ও একই উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের পথচারী সোহরাফ মাতুব্বর (৪০)।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভুইঞা জানান, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ নামক স্থানে বরিশালগামী মাছবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৯৮১) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। আহত হন আরও পাঁচজন। এদের মধ্যে পথচারী সোহরাফ মাতুব্বরকে রাজৈর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত ট্রাকের যাত্রী মাছ ব্যবসায়ী বক্কার (৬৫), সিদ্দিক (৫০), এমদাদুল মুন্সী (২৮) ও কামাল শেখকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী এলাকার বক্কার ও সিদ্দিকের অবস্থা আশংকাজনক।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













