বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইলেন দিনাজপুরের মেয়র
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৪ ১২:১৬:২১
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
তবে, আদালত মেয়রকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেননি। তার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুলের শুনানির জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন-ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির হতে হবে।
মেয়র জাহাঙ্গীর আলমকে আপিল বিভাগে তলব করার পাশাপাশি বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে গত ১৭ আগস্ট কারণ দর্শানোর জন্য নোটিশ জারির আদেশ দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট দিনাজপুরের পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের দেয়া বক্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সদস্য শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













