এনবিআর এর নারী কর্মকর্তাকে অপহরণ, গ্রেফতার ৩
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-২৬ ১১:৪৭:১২
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার এক নারী কর কর্মকর্তাকে (৪৯) অপহরণের পর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মো. মাসুদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
জানা গেছে, গত ১৭ আগস্ট রাত ৮টার দিকে যুগ্ম কমিশনার পদমর্যাদার ওই নারী কর কর্মকর্তা মাইক্রোবাসে করে মগবাজার থেকে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। এ সময় মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর শুরু করেন কয়েকজন ব্যক্তি। একপর্যায়ে গাড়ি থেকে চালককে নামিয়ে মাইক্রোবাসসহ ওই নারীকে অপহরণ করেন তারা।
অপহরণের ১৮ ঘণ্টা পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। পরদিন দুপুর ২টার দিকে ওই নারী কৌশলে গাড়ি থেকে নেমে চিৎকার শুরু করলে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারীকেও আটক করেন তারা। ওই নারী কর্মকর্তাকে উদ্ধারের সময় তার একটি পা ভাঙা, চোখে ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এ ঘটনায় রাজধানীর রমনা থানায় চারজনের নাম উল্লেখ একটি অপহরণ মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে মো. মাসুদকে, যিনি জুলাই মাসে ওই নারীর ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। আগস্ট মাসের ১ তারিখে তাকে চাকরিচ্যুত করা হয়।
এ বিষয়ে ওই নারী কর কর্মকর্তা বলেন, অপহরণকারীরা তার কাছে কোনো মুক্তিপণ চাননি। অপহরণকারীদের মধ্যে শুধু মাসুদকে তিনি চিনতে পেরেছেন। জুলাই মাসে ২০ থেকে ২৫ দিন কাজ করার পর তাকে চাকরিচ্যুত করেছিলেন তিনি। অপহরণের পর নির্মম নির্যাতনের সময় মাসুদ বারবার তাকে চাকরিচ্যুত করার কারণে ক্ষোভের কথাই বলছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













