আগামী দেড় বছরের মধ্যে দেশে কোনো গৃহহীন থাকবে না : কৃষিমন্ত্রী

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-২৬ ২০:১৪:৫১


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দেড় বছরের মধ্যে দেশে কোনো গৃহহীন থাকবে না। তিন বছরের মধ্যে দেশে কোনো সড়ক কাঁচা থাকবে না।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, অসহায় পরিবার ও যুব মহিলাদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, সেলাই মেশিন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে।

দেশের মানুষের কল্যাণে কাজ করে। মৌলিক চাহিদা পূরণের জন্য নিবেদিত হয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। ঘরে ঘরে বিদ্যুৎ, গৃহহীনদের জন্য বাড়ি, ভূমিহীনদের জন্য জমিসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কাজ করছেন। ইতিমধ্যে ১৩ লক্ষাধিক মানুষকে বাড়ি দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারা ব্যাহত করার জন্য ষড়যন্ত্রকারি একটি মহল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়।

বিএনপির সাথে জামায়াত যতই থাকুক, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সংবিধান অনুসারে ভোট হবে। ভোটের মাধ্যমেই জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাবে। ফখরুলরা-জামায়াতরা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র ও মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির ও মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জেলা আওয়ামী লীগ নেতা ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকু ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নামনি প্রমুখ।

অনুষ্ঠানে ২৪০ জনকে এক বান্ডেল করে ঢেউটিন, ২৪০ জনকে জনপ্রতি তিন হাজার টাকা, ২৪ জনকে সেলাই মেশিন এবং চার শিক্ষার্থীকে হুইলচেয়ার প্রদান করা হয়।

এএ