টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৫:১৪:২০
চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় পুলিশের ৩ সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য। নিহত ৩ জনই সীতাকুণ্ড থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বলে জানা গেছে।
রোববার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালু শাহ মাজার সংলগ্ন ফকিরহাট রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানিয়েছেন, থানার একটি টহল টিমকে বহনকারী পিকআপ ভ্যানকে চট্টগ্রামমুখি সোনার বাংলা ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যান।আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবলকে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানিয়েছেন, আহত পাঁচজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনার পর বেলা ১২টা ২০ মিনিটে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। তবে এতে ট্রেন চলাচলে কোন বিঘ্ন হচ্ছে না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













