কনস্টেবল হত্যা মামলা: রিজভী-সোহেলের বিচার শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-৩১ ১৪:৩১:৪৬
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।
রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর আসামিরা হলেন- বিএনপির কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস ওরফে আব্বাস।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রোলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওই ঘটনায় রমনা থানায় মামলাটি করেন উপ-পরিদর্শক শফিউল ইসলাম।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













