নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র আনা ঠেকাতে সতর্ক বিজিবি: মহাপরিচালক

প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৮-৩১ ২০:২৯:০৯


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পরও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের জন্য বিজিবি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সতর্ক রয়েছেন বিজিবি সদস্যরা। এ ছাড়া মাদক ও চোরাচালান বন্ধে আগের চেয়েও বেশি সক্রিয় বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত এলাকা বিবিরবাজার বিওপি এবং বিবিরবাজার সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অন্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী আসার চেষ্টা করে। বিবিরবাজার আইসিপিসহ সারা দেশে অবৈধ অস্ত্র গোলাবারুদ যাতে আসতে না পারে সে জন্য বিজিবির পক্ষ থেকে আরো বেশি কাজ করা হচ্ছে।

বিবিরবাজার সীমান্ত পরিদর্শনে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার বিজিবির মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।

পরে বিএসএফের পক্ষে থেকে বিজিবি মহাপরিচালককে মিষ্টির প্যাকেট উপহার দেওয়া হয়।

বিজিবির মহাপরিচালক সেখানে উপস্থিত সব পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সঙ্গে শুভেচ্ছাসহ মতবিনিময় করেন।

এএ