কৃষিতে ৯ হাজার কোটি টাকার ভর্তুকি প্রস্তাব করা হয়েছে

প্রকাশ: ২০১৬-০৬-১২ ১৮:৩২:৩৫


Muhitঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৬-২০১৭ অর্থবছরের কৃষিখাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। তিনি রোববার সংসদে সরকারি দলের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০১৫-’১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দ ছিল ৬৭ কোটি ৪৬ লাখ টাকা। আগামী অর্থবছরে এ খাতে ৭৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে ২৪৮ কোটি ১৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পটি ২০১৩ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, ‘বীজ ও উদ্ভিদ কার্যক্রম’-এর জন্য ২০১৫-’১৬ অর্থবছরে বরাদ্দ ছিল ৭৮ কোটি ২৯ লাখ টাকা। ২০১৬-’১৭ অর্থবছরে এ খাতে প্রস্তাব করা হয়েছে ১শ’ কোটি টাকা।

সানবিডি/ঢাকা/এসএস