পরের বাড়িতে কাজ করে সংসার চালান সাবেক এমপি!
প্রকাশ: ২০১৬-০৬-১৩ ১০:০৯:০৭
রাজনীতিতে না থাকলেও এমপি-মন্ত্রীদের জীবনে কখনও দুর্যোগ নেমে এসেছে এমন অবস্থা আমরা দেখিনি। তবে ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার একসময়ের এমপি (বিধায়ক) বাকিলা টুকরপ্পার জীবনটা ব্যতিক্রম। সাবেক এই এমপির দৈনিক আয় মাত্র ৪০ টাকা। পরের বাড়িতে কাজ করে সংসার চলে তার।
জানা গেছে, বাকিলা টুকরপ্পা ১৯৮৩ সালে রাজনীতিতে নাম লেখান। দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুক বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি। মাত্র ১৮ মাস বিধায়ক পদে থেকে ভালো কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
ওই অল্প সময়ে ২টি কলেজ, ৫টি হাইস্কুল, ৪টি হোস্টেল, সেতু ও ৩টি রাস্তা তৈরি করেছিলেন। পরে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু আচমকাই ছেড়ে দেন রাজনীতি। শুরু করেন খেটে খাওয়ার জীবন।
জানা গেছে, বাকিলা টুকরপ্পার নিজের বাড়ি পর্যন্ত নেই। গত ২১ বছর ধরে তার ঠিকানা স্ত্রীর বাপের বাড়ি। শুধু তাই নয়, আজও পেট চালানোর জন্য ৪০ টাকা উপার্জনের আশায় বাড়ি থেকে বের হন তিনি।
অথচ তার জায়গায় যিনি বিধায়ক হয়েছিলেন তার রয়েছে নিজস্ব বাংলো, ৪০ একর জমি ও স্ত্রীর নামে একটি পেট্রল পাম্প।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














