সাভারে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন!

প্রকাশ: ২০১৬-০৬-১৩ ২১:০১:৩৪


1_38305দুই যুবকের ঘাড়ে গরুর জোয়ালের মতো বাঁশ বেঁধে প্রকাশ্যে বাজার ঘুরিয়ে বর্বর নির্যাতন চালানো হয়েছে। এর আগে গাছে বেঁধে তাদের বেধড়ক মারধর করা হয়। রোববার বিকালে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মোবাইল চুরির অভিযোগে তাদের ওপর পাশবিক নিপীড়ন চালান নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল আলম সমর।

নিগ্রহের শিকার দু’ব্যক্তি হলেন-হেমায়েতপুর সদর এলাকার বাসিন্দা আবদুল হালিম কসাইয়ের ছেলে ঝন্টু (৩৫) ও এলাকার সকিলের ছেলে নুর নবী (৩৮)। তাদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকালে স্থানীয় কাজী কবির মিয়ার পরিবারের সদস্যরা বাড়ির পাশে ঘুরতে বের হন। কিছু সময় পর ফিরে এসে তারা দুই যুবককে চুরি করতে দেখে আটক করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে দু’জনকে রশি দিয়ে বেঁধে ফেলে। খবর পেয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফখরুল আলম সমর এসে তাদের গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। একপর্যায়ে গরুর জোয়াল পরানোর মতো করে তাদের দু’জনকে পাশাপাশি রেখে ঘাড়ে বাঁশ বেঁধে দেয়া হয়। এরপর তাদের প্রকাশ্যে বাজারের রাস্তায় ঘোরানো হয়। এ সময় তাদের পেছনে অন্তত দু’শতাধিক কিশোর-যুবক ছিল। তাদের কারও কারও হাতে লাঠিও ছিল।

খবর শুনে দুই যুবকের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নেন। এ সময় চেয়ারম্যান ফখরুল আগামী এক মাসের মধ্যে বাড়ি বিক্রি করে হেমায়েতপুর ছেড়ে তাদের চলে যাওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান ফখরুল আলম বলেন, দুই যুবক চুরি করতে ওই বাড়িতে প্রবেশ করেছিল। এ সময় স্থানীয়রা তাদের আটকে মারধর করে বলে জানতে পেরেছি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সানবিডি/ঢাকা/আহো