কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ নারী শ্রমিক নিহত

প্রকাশ: ২০১৬-০৬-১৩ ২১:২২:৫৭


accidentকুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নছিমনে থাকা পাঁচ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে নছিমনে করে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকায় বেসরকারি একটি কারখানায় কাজে যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নারী শ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে আরো তিনজন নারী শ্রমিক মারা যান।

নিহতরা হলেন- রাবেয়া খাতুন (৭০), কমেলা খাতুন (৬০), সজিরন (৫৫), সুখীজান (৫৫) এবং আমেনা খাতুন (৬০)। বাকী আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ডা. অরবিন্দু পাল জানান, আহতদের মধ্যে চিকিৎসাধীন আলেয়া (৫৫) এবং সুরজান খাতুনের (৫০) অবস্থাও আশঙ্কাজনক।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে নারী শ্রমিকবাহী একটি নসিমনকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে যেয়ে আরো তিনজন নারী শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও নছিমনটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সানবিডি/ঢাকা/আহো