‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামিসহ নিহত ২
আপডেট: ২০১৬-০৬-১৪ ১৪:৫০:১৮
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামি ও তাঁর কথিত এক সহযোগী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর-কোঁচকুড়ি সড়কে কথিত এই বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশের ভাষ্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
নিহত দুজন হলেন ভাদসা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল (৩৫) ও লুৎফর রহমানের ছেলে মুনির হোসেন (৩২)। এঁদের মধ্যে প্রথম ব্যক্তি আবুল কালাম আজাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
নিহত দুজনের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পালের ভাষ্য, কিছু সন্ত্রাসী নিহত চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে রাতে সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়। পুলিশ কোঁচকুড়ি সড়কে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান ও কনস্টেবল মোস্তাফিজ আহত হয়েছেন। তাঁদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিন ও দুটি হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
কথিত বন্দুকযুদ্ধে নিহত দুজনের পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।
৪ জুন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে আবুল কালাম আজাদ গত রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ৩১ মার্চ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হাতেম আলীকে বিপুল ভোটে পরাজিত করেন।
পারিবারিক সূত্র জানায়, আবুল কালাম আজাদ চেয়ারম্যান হিসেবে গত ২৯ মে শপথ নেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই খুন হন।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা হয়েছে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













