দেড়শ কোটি টাকা অনুদান রানা প্লাজায় হতাহতদের জন্য

প্রকাশ: ২০১৬-০৬-১৪ ২০:৩১:২৭


Rana-Plaza20160614140452রানা প্লাজা ধ্বসের পর হতাহতদের জন্য এ পর্যন্ত প্রায় ১৫২ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। এসব অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফান্ড ও  ব্রিটেনের পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক থেকে এসেছে বলে সংসদীয় কমিটিতে জানানো হয়।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক,  ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, রুহুল আমিন এবং রেজাউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে উল্লেখ করা হয়, রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেয়ার উদ্দেশ্যে প্রাপ্ত অনুদানের মধ্যে  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদান সর্বমোট বাইশ কোটি ঊননব্বই লক্ষ পচাঁত্তর হাজার সাতশত বিশ টাকা, ইন্টারন্যাশনাল ট্রাস্ট ফান্ড প্রদত্ত অনুদান সর্বমোট ঊনত্রিশ কোটি ঊনচল্লিশ লক্ষ ষাট হাজার আটশত বাহাত্তর টাকা ও প্রাইমার্ক হতে প্রদত্ত অনুদান সর্বমোট  একশত এক কোটি বত্রিশ লক্ষ ঊনত্রিশ হাজার চারশত একষট্টি  টাকা।

এছাড়া বৈঠকে আরো উল্লেখ করা হয়, রানাপ্লাজা দুর্ঘটনার প্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কর্তৃক মোট ১১টি মামলা শ্রম আদালতে দায়ের করা হয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/আহো