লোহাগাড়ায় ৩২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইউএনওর মভ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৯-২১ ১২:২৩:০৭


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসায় একযোগে ইউএনও শরীফ উল্যাহর উদ্যোগে মভ টেস্ট-২০২৩ এর ১ম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সমগ্র উপজেলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদ্রাসায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাটি মূলত ইংরেজি ভোকাবুলারির উপর হয়ে থাকে। এভরিডে ফাইভ ওয়ার্ডস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইউএনও প্রতিদিন নতুন পাঁচটি করে ইংরেজি শব্দার্থ সরবরাহ করেন। পরে সেগুলো শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা বিপুল আগ্রহ ও উৎসাহসহকারে সেগুলো আয়ত্ত করে থাকে।

শিক্ষার্থীদেরকে এ বিষয়ে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করতে ইউএনও একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে উপস্থিত প্রতিযোগিতা আয়োজন করে বিজয়ীদেরকে ‘উইনার্স ব্যাগ’ প্রদান করে পুরস্কৃত করে থাকেন। আর ভোকাবুলারি শেখায় শিক্ষার্থীদের বড় পরিসরে পুরস্কৃত করার জন্য তিনি আয়োজন করে থাকেন মভ টেস্ট।

এ বছর ১ম পর্বের পরীক্ষা শেষে ২য় ও ৩য় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর চূড়ান্তভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ইউএনও শরীফ উল্যাহ জানান, মূলত শিক্ষার্থীদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে ইংরেজিতে তাদেরকে সাহসী, আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এভরিডে ফাইভ ওয়ার্ডস ও মভ টেস্টের আয়োজন করা হয়েছে। আমি বিশ্বাস করি, এই উদ্যোগের সুফল শীঘ্রই আমরা দেখতে পাবো।

ইউএনও শরীফ উল্যাহর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম প্রমুখ।

এম জি