টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-০২ ১৪:৩৪:২৯
দুইদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে বার আউলিয়া নামে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন গিয়ে পৌঁছায়। তিনদিন আগে দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা এই জাহাজে করে বিকেলে ফিরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনিবার ও রোববার দুইদিন এই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। এতে গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন।
এর আগে, গত বুধবার প্রায় ছয় মাস পর ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে আউলিয়া নামে একটি জাহাজ চলাচল শুরু করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।
তিনি আরো বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য বার আউলিয়া নামে একটি জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে বলে জানিয়েছেন ইউএনও।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













