`বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলেন এবিএম গ্রুপের আতাউল করিম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-০৩ ২১:১৬:২৪


বেসরকারীখাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃস্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ অর্থনীতিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ পেয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান এ কে এম আতাউল করিম সেলিম।

দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে মাঝারি শিল্প ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড ছাড়াও রানার অটোমোবাইলস লিমিটেড, জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেডসহ ১২ টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ এবং সম্মাননাস্বরূপ গোল্ড মেডেল প্রদান করা হয়। এ পুরস্কার প্রাপ্তদের শিল্পমন্ত্রণালয় থেকে সিআইপ পদমর্যাদায় একটি করে পরিচয়পত্র দেয়া হবে।

পুরস্কার প্রাপ্তরা মেয়াদকালে সচিবালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে প্রবেশে অনুমতি পত্রের দরকার হবে না। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। বিমানবন্দরে ভিআইপ লাউঞ্চ-২ ব্যবহারের সুবিধাসহ সরকারের শিল্পবিষয়ক নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

এবারের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাওয়া এ কে এম আতাউল করিম বলেন, অর্থনীতিতে অবদান রেখে তার স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের। এ ধরনের সম্মাননা আমাদের কাজের স্পৃহা অনেক বাড়বে। আরো বেশি কর্মসংস্থানের পাশাপাশি রাজস্ব খাতেও বড় অবদান রাখতে পারবো।

প্রসঙ্গত, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম এর আগে দুইবার দেশসেরা করদাতা এবং ছয়বার সিলেটের বিভাগের সেরা করদাতা হিসাবে সম্মাননা পেয়েছেন।