অভিজিৎ হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৮:৪৯:৫৩


hadiরাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ ওরফে হাদি-১ নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশ জানিয়েছে, নিহত হাদি লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি। ডিএমপি সম্প্রতি ছয় জঙ্গিকে ধরতে যে পুরস্কার ঘোষণা করেছিল, হাদি তাদের একজন।

খিলগাঁও থানার ওসি কাজী মঈনুল ইসলাম জানান, শনিবার গভীর রাত খিলগাঁওয়ের মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এরপর তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন জানান, রাতে পুলিশ মোটরসাইকেল আরোহী তিন যুবককে থামার সিগন্যাল দেয়। কিন্তু তারা মোটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করেন।

পালিয়ে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে হাদি নিহত হন। তবে অপর দু’জন মোটরসাইকেল রেখে পালিয়ে যেতে সক্ষম হন।

ডিবির এই পরিদর্শক দাবি করেন, পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢামেক সূত্র জানায়, খিলগাঁও থানা পুলিশ রাত পৌনে ৩টার দিকে যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসে। প্রথমে তার নাম-পরিচয় জানা না গেলেও দুপুরে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নিহত যুবক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি শরিফ ওরফে হাদি-১।

প্রসংগত, গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিৎ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে বন্যাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ রায়।

সানবিডি/ঢাকা/এসএস